শিক্ষার্থীদের গবেষণাকর্ম নিয়ে শাবিতে পোস্টার প্রেজেন্টেশন ৩১ জুলাই
প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘পোস্টার প্রেজেন্টেশন’ শীর্ষক একটি গবেষণামূলক অনুষ্ঠান।
আগামী ৩১ জুলাই সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৩০ জন শিক্ষার্থী তাঁদের গবেষণাকর্ম পোস্টার আকারে উপস্থাপন করবেন।
অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদানের পাশাপাশি সেরা তিনটি উপস্থাপনাকে পুরস্কৃত করা হবে জানান আয়োজক কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল গনি এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আল আমিন।
সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক বলেন, “পোস্টার প্রেজেন্টেশন কেবল উপস্থাপনার দক্ষতা বাড়ায় না, বরং গবেষণার পদ্ধতিগত বিশ্লেষণের ক্ষেত্রেও শিক্ষার্থীদের আগ্রহী করে তোলে। সমসাময়িক সামাজিক সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে করা এসব গবেষণাকর্ম সমাজবিজ্ঞান চর্চায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে এবং শিক্ষার্থীদের গবেষণা ও উপস্থাপন দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে।”








