সিলেটে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে নাজমুল ইসলাম (৩২), উমরপুর বাজার এলাকার বাসিন্দা ও তার বন্ধু আরশ আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে গোয়ালাবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন নাজমুল ও আরশ আলী। সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর বটেরতলে পৌঁছালে পেছন থেকে আসা ঢাকা এক্সপ্রেস বাস সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান নাজমুল ইসলাম। হাসপাতালে যাওয়া পথে মারা যান আরশ আলী। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নাজমুলের স্ত্রী সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ দিয়েছে। তাছাড়া আগামী সপ্তাহে আবার তার ছোট ভাইয়ের বিয়ে। এমন এক আনন্দের মুহূর্তে তাকে হারিয়ে হতবিহ্ববল পুরো পরিবার। শোকের সাগরে ভাসছে তার স্ত্রী। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বাস রেখে চালক পালিয়ে যাওয়ায় বিক্ষুদ্ধ জনতা বাসে অগ্নিসংযোগ করেন। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।








