কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভাটুৎ গ্রামে লুবনা আক্তার (২৮) নামক এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মধু মিয়ার স্ত্রী। তিনি ২ ছেলে সন্তানের জননী।
স্থানীয় লোকজন জানান, সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে বারোটায় ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধু লুবনা আক্তার। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনুকে জানান। তিনি ওই গৃহবধুর বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন। স্বামীর সাথে কলহের জের ধরে এই আত্মহত্যা ঘটতে পারে বলে স্থানীয় লোকজনের ধারণা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।








