কোম্পানীগঞ্জে আনসার-ভিডিপির প্রশংসায় পঞ্চমুখ পূজামণ্ডপ কমিটি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় সুশৃঙ্খল বাহিনী। শারদীয় দুর্গোৎসবে শান্তিপূর্ণভাবে শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছেন বলে জানিয়েছেন সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সকল পূজামণ্ডপ কমিটি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকারসহ ২৯ টি পূজামণ্ডপের কমিটির সবাই প্রশংসা করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা পূজা উদযাপন নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। কিন্তু বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় উৎসাহ-উদ্দীপনা এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরেছি। নিঃসন্দেহে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের এই সাফল্যের বিরাট একটি অংশ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম জানান, সকল নির্বাচন, বিভিন্ন ধর্মীয় উৎসব, ঈদ, পূজা-পার্বণ, বিশ্ব ইজতেমা, বর্ষবরণ, শপিং মল, বাণিজ্য মেলা, বই মেলা, রেলস্টেশন, ট্রাফিক কন্ট্রোলসহ প্রভৃতি ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। এবারের পূজায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কোম্পানীগঞ্জে ১৮৪ জন আনসার-ভিডিপির সদস্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এজন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গেল ১৩ অক্টোবর উপজেলার বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন করেন আনসার ও ভিডিপির সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট আবু সাহাদাৎ মোহাম্মদ এনামুল হক, উপজেলা প্রশিক্ষক মিজানুর রহমান। তারা পূজামণ্ডপ সমূহের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ সহ মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সর্বদা সর্বোচ্চ সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন।







