জাতীয় গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকারি কলেজ
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’-তে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে সারা দেশের নজর কাড়ল মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।
সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পাঠানো এক অফিসিয়াল পত্রে এই অসামান্য সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগিয়ে তোলা। এতে দেশের বিভিন্ন জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
চূড়ান্ত ফলাফল জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনে গত রোববার (৩ আগস্ট) প্রকাশ করা হয়। কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রথম স্থান অর্জন করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৌরবের পালক যোগ করেছে।
প্রতিযোগিতায় কলেজটির পক্ষে অংশগ্রহণ করে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী: মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা এবং নুছরাত জাহান রিয়া।
এই গৌরবজনক অর্জনের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখা সরকারি কলেজকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
তবে এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মো. তোফায়েল আহমদের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
প্রতিযোগিতা প্রসঙ্গে কলেজের সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন কালবেলা-কে বলেন, আমার শেষ কর্মস্থলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে এটি শুধু বড়লেখা সরকারি কলেজ নয়, সমগ্র বড়লেখাবাসীর জন্যই গর্বের বিষয়। এমন অর্জন আমাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী করে তোলে।








