পাকিস্তানের বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত ৩৩
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ঝোব জেলার কাছে পাক-আফগান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, নিহতরা সবাই ফিতনা-আল হিন্দুস্তানের সন্ত্রাসী।
শনিবার (৯ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে শুক্রবার (৮ আগস্ট) রাতে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে ভারতীয় প্রক্সি ফিতনা আল খোয়ারাজের অন্তর্ভুক্ত খারিজের একটি বিশাল দল। নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধি শনাক্ত করে গুলি ছোড়ে। এসময় পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও।
কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে ৩৩ জন অনুপ্রবেশকারীর মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর দাবি, ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এই এলাকায় বর্তমানে যেকোনো সন্ত্রাসী নির্মূল করার জন্য স্যানিটাইজেশন অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে, বেলুচিস্তানে সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।








