রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র নিয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রী গ্রেফতার

রোহিঙ্গা শিবিরে সরবরাহ করতে অস্ত্র নিয়ে কক্সবাজার শহরে এসেছিলেন স্বামী দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)। সেই অস্ত্রের চালান আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় সীমান্ত উপজেলা টেকনাফের ওই দম্পতিকে। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট এলাকায় ওই অভিযান চালানো হয়। এ সময় চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। দেলোয়ার হোসেন টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লানপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক প্রতুল কুমার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে পৌরসভার জেটিঘাট পল্টুন থেকে এক দম্পতিকে আটক করে।
এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল ও একটি এলজি উদ্ধার করা হয়।
কক্সবাজার পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় মহেশখালী থেকে স্পিডবোটে সংঘবদ্ধ অপরাধী চক্রের কতিপয় সদস্য অস্ত্রের চালান নিয়ে আসছে, এমন খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে ডিবির একটি টিম সন্দেহজনক একটি স্পিডবোট কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট এলাকায় পৌঁছলে বোটটি থামিয়ে তল্লাশি করে। ওই সময় স্পিডবোটে পাশাপাশি সিটে বসা দুজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়।
এ সময় ব্যাগের ভেতরে পাওয়া যায় দেশীয় তৈরি বিভিন্ন আকারের ৪টি অস্ত্র।’
তিনি আরো বলেন, আটক হওয়া দম্পতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, উদ্ধার হওয়া অস্ত্রের চালান তারা মহেশখালীর অস্ত্র কারখানা থেকে সংগ্রহ করেছেন। আর এসব অস্ত্র টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল।’ আটক দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।







