সমন্বয়কদের রাজনৈতিক দল গঠনের অধিকার রয়েছে: সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তদের অর্থাৎ সমন্বয়কদের রাজনৈতিক দল গঠনের অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আজ শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কোনো রাজনৈতিক দল হবে না, এটা শতভাগ ঠিক।তবে এই ব্যানারে যেসব মানুষেরা আছে তারা যদি অন্য কোনো নামে বা ব্যানারে রাজনৈতিক দল বা রাজনীতি করতে চায় সে বিষয়ে তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে। ’
তিনি বলেন, ‘এখন বিষয় হচ্ছে আমরা সেই রাজনৈতিক ব্যানারে যাবো কি না, সেটা এখনও আলোচনার বিষয়। তবে আগস্ট বিপ্লবের পর দেশে দিন দিন ষড়যন্ত্র আরও বৃদ্ধি পাচ্ছে। এখনই আমাদের বিভক্তি হওয়া যাবে না। বিভক্তি হলে আমরা দুর্বল হয়ে যাবো এবং ফ্যাসিস্টরা পুনরায় জায়গা দখল করে নিবে। ’
সারজিস আলম আরও বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও সকল নেতাকর্মী নিয়ে যাননি। কিছু অংশ পালিয়েছেন। তাই আমরা সোচ্চার না থাকলে তারা পুনরায় ফিরে আসতে পারেন। ’
মতবিনিময় সভায় সারজিস আলম ছাত্রদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন এবং কিভাবে জেলায় জেলায় সমন্বয়কের একই প্ল্যাটফর্মে রাখা যায় সে বিষয়েও কথা বলেন।







