সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের শারীরিক অবস্থার উন্নতি
সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১১ জুন) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
বুধবার (১২ জুন) অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার পরেও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন সিএমএইচের চিকিৎসকরা।
শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন, ড. মোমেনের ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল।
জুয়েল জানান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলার একটি অনুষ্ঠানে অংশ নেন। পরে টিলা ধসের স্থান পরিদর্শন করেন। প্রচুর হেঁটেছেনও। গরম আর ডায়াবেটিক মিলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন ডিহাইড্রেট হওয়ার কারণে তিনি অসুস্থ হয়েছেন। তবে আর কোন সমস্যা আছে কি না তা আজকের মধ্যে জানাবেন চিকিৎসকরা।







