সালুটিকর কলেজের আলোচিত অধ্যক্ষ শাকির বরখাস্ত, হচ্ছে আরেক তদন্ত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ডিগ্রি কলেজের আলোচিত অধ্যক্ষ, আওয়ামী লীগ নেতা শাকির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি অভিযোগের প্রমান পাওয়ায় তদন্ত প্রতিবেদনের আলোকে গত ১৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি তৌহিদুল ইসলাম এক অফিস আদেশে তাকে সাময়িক বহিস্কার করেন। আদেশ কপি সোমবার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহমদ। এ দিকে গভর্নিং বডির বিধিমালা অনুযায়ী আরেকটি তদন্ত কমিটি করা হবে বলে জানা গেছে। সেই তদন্তে অভিযোগ প্রমাণ হলে তাকে স্থায়ী বরখাস্ত করা হতে পারে।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও অধ্যক্ষ শাকির উদ্দিনের বিরুদ্ধে কলেজ ফান্ডের টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের হয়রানি ও দলীয় প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ ছিল। গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সালুটিকর ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অধ্যক্ষ শাকির উদ্দিন আহত ছাত্রদের বহিষ্কারের হুমকী দেন। ৫ আগস্টের পর তার পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর পর তিনি আর কলেজে যাননি। ২৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলেজ শাখার পক্ষ থেকে তাকে বহিস্কারের দাবিতে ১২টি অভিযোগ উল্লেখ করে গভনিং বডির সভাপতি তথা উপেজলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়। সেই প্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পর সাময়িক বহিস্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বহিস্কার আদেশে তার সাময়িক বরখাস্ত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর ও বরখাস্তকালীন সময়ে বিধিমোতাবেক খরপোষভাতা পাবেন বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি তৌহিদুল ইসলাম জানিয়েছেন তদন্ত কমিটি অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ ও অপরাধের প্রমান পেয়েছে। সেজন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। গভনিং বডির বিধিমালা অনুযায়ী আরেকটি তদন্ত করা হবে।







