সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস জেলা শহরে বাস্তবায়নের দাবিতে তাহিরপুরে প্রচার সভা
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও বেগবান হয়েছে। শনিবার (২১ জুন) জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় তৃণমূল পর্যায়ে গণসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারসভা অনুষ্ঠিত হয়।
তারই ধারাবাহিকতায় তাহিরপুর উপজেলায় শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক,তরুণ সমাজ ও স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে এই প্রচারসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
তরুন সংগঠক এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় জেলা শহরে বাস্তবায়ন কমিটির সদস্য এড. মহসিন রেজা মানিক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জেলা শহরে সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস হলে জেলার সকল উপজেলার শিক্ষার্থীরা সহজে উচ্চশিক্ষার সুযোগ পাবে, যা শিক্ষার সম্প্রসারণে মাইলফলক হবে।
তারা বলেন, হাওর অঞ্চলের একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি জনদুর্ভোগপূর্ণ এলাকায় স্থাপন করা হয়, তাহলে তা শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। এসময় স্থানীয় বক্তৃতায় জেলা সদরে বিদ্যমান অবকাঠামো, সড়ক যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও অন্যান্য সুবিধার কথা তুলে ধরে সেখানে ক্যাম্পাস বাস্তবায়নের পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।
প্রচার সভায় বক্তব্য দেন শিক্ষক সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রনেতা ও পেশাজীবী প্রতিনিধিরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রচার কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং প্রয়োজনে জেলা সদরে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচির মত বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।








