১৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক, সিলেট রুটে চলাচল শুরু
হবিগঞ্জের মাধবপুরে জ্বালানিবাহী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর ঢাকা–সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শেষ হওয়ার পর ধীরে ধীরে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
স্টেশন মাস্টার মোঃ মনির হোসেন জানান, কিছুক্ষণের মধ্যেই পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে দুর্ঘটনার কারণে রাতের চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস, ঢাকাগামী উপবন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের শিডিউল বাতিল করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস হরষপুর স্টেশনে যাত্রীসহ আটকে পড়ে। একই সময়ে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ জংশনে এবং পাহাড়িকা এক্সপ্রেস শমসেরনগর এলাকায় আটকে থাকে।
স্টেশন সূত্র জানায়, দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।এর আগে বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে সিলেটগামী ৯৫১ নম্বর জ্বালানিবাহী ট্রেনের ৫টি ওয়াগন ও ১টি গার্ডব্রেক মনতলা স্টেশন পার হয়ে লাইনচ্যুত হয়। এতে প্রায় ২ লাখ লিটার জ্বালানি তেল মাটিতে ছড়িয়ে পড়ে বলে জানান ঢাকা বিভাগীয় রেল ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান।
দুর্ঘটনার পরপরই মাধবপুর থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ও তেল রক্ষার কাজ শুরু করে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর ৩টা ১৫ মিনিটে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত সম্পন্ন হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে।







