২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ
তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে ১৩ এপ্রিল ঢাকায় আসছে নিউজিল্যান্ড। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতে হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট কেনা যাবে আজ থেকে। টিকিটের দাম সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত।
মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ও টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলোর জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২৫০০ টাকা।
১৫০০ টাকায় ইন্টারন্যাশনাল গ্যালারি ও ৬০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউসের টিকিট। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। এই ম্যাচগুলো গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ গ্যালারিতে বসে দেখতে খরচ করতে হবে ২৫০০ টাকা।
শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে খেলা দেখতে লাগবে ৬০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে আজ সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে দর্শকেরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
১৭, ২০ ও ২৩ এপ্রিল হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে। বেলা ১১টায় ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে বেলা দুইটায়।







