২২ বছর বয়সে বিয়ে, বিবাহবার্ষিকীর আগে বিচ্ছেদ
মাত্র ২২ বছর বয়সে বিয়ে করেছিলেন ভারতের লেগ স্পিনার রাহুল চাহার। ২০২২ সালের ৯ মার্চ গোয়ায় ইশানি জোহারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে সেই সম্পর্ক চার বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে গেল। চতুর্থ বিবাহবার্ষিকীর কয়েক দিন আগে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন রাহুল। এনডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে রাহুল জানান, গত ১৫ মাস ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় দীর্ঘ সময় আদালতে কাটাতে হয়েছে, যা তাকে অনেক অপ্রত্যাশিত শিক্ষা দিয়েছে বলে উল্লেখ করেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
রাহুল লেখেন, ‘আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি, যখন নিজেকে, নিজের মূল্যবোধ বা আমি কেমন জীবন গড়তে চাই তা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এরপর এমন কিছু বছরের মুখোমুখি হয়েছি, যা কখনও কল্পনাও করিনি। গত পনেরো মাস কেটেছে আদালতে ধৈর্য, স্থির মনোভাব এবং সত্যের শক্তির শিক্ষা পেতে পেতে।’
আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই অধ্যায়ের ইতি টানার কথাও জানান তিনি। রাহুলের ভাষায়, এই অধ্যায় রাগ বা আক্ষেপ নিয়ে শেষ করছি না, বরং স্পষ্টতা নিয়ে। কিছু সম্পর্ক চিরস্থায়ী হওয়ার জন্য নয় তা আমাদের জাগিয়ে তুলতে, শিক্ষা দিতে এবং বদলে দিতে আসে। আমি এখন আরও সচেতন ও পরিণত, এবং জানি আমি কেমন জীবন গড়তে চাই।
ক্রিকেট ক্যারিয়ারের দিক থেকে, ২০২১ সালে শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন রাহুল। দেশের হয়ে সাদা বলের সাতটি ম্যাচ খেলেছেন তিনি। আগামী মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠে নামতে দেখা যাবে এই লেগ স্পিনারকে। ২০২৬ সালের আইপিএল নিলামে তাঁকে ৫.২ কোটি টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস।
গত মৌসুমে সানরাইজারস হাইদ্রাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন রাহুল, যেখানে তিনি উইকেটশূন্য থাকেন। আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৯ ম্যাচে ৭৫টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ২০১৯ ও ২০২০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপাজয়ী দলে ছিলেন এই লেগ স্পিনার।






