৪৫ হাজার পরিবারের মাঝে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সায়হাম গ্রুপের সৌজন্যে মাধবপুর, চুনারুঘাট ও নাসিরনগর উপজেলার ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “আমরা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাতে চাই। মানুষের সুখ–দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।”
বুধবার সকালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল-এর উদ্যোগে এবং ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটের মানুষ বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আমরা জনগণের কাছে কৃতজ্ঞ। জনগণের এই ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। পবিত্র রমজান মাসে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে মাধবপুর, চুনারুঘাট ও নাসিরনগর উপজেলায় প্রায় ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যখন কোনো অভাবী পরিবারের মুখে হাসি দেখি, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।







