তোফায়েল আহমদ
৫৪ বছরে সুনামগঞ্জ-১ আসনের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি
আগামী পাঁচ বছরের মধ্যেই সুনামগঞ্জকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ জেলা আমীর, সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান।
তিনি বলেন, যদি আমরা দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারি, দুনীতিকে না বলি সবাই মিলে দেশের উন্নয়নের জন্য যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে পারি তাহলে কোনো সমস্যাই সমস্যা না।
বুধবার (৫ নভেম্বর)জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টাকাটুকিয়া গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি মনোনয়ন পাওয়ার পর থেকে জোড়ে শুড়ে মাঠে নেমেছেন। প্রতিদিনেই সভা করছেন। তোফায়েল আহমদ খান আরো বলেন, ৫ আগষ্টের পর অনেকে অনেক সুবিধা নিয়েছেন কিন্তু জামায়াত ইসলামী কোনো অন্যায় সুবিধা নেই নি, আর নিবেও না। বিগত ৫৪ বছরে সুনামগঞ্জ-১ আসনের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই হাওরাঞ্চলের মানুষ বঞ্চিত থেকেছে। যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের উন্নয়নের নামে নিজেদের স্বার্থই দেখেছেন।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে হাওরাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। সবাইকে বলছি ন্যায় নীতিতে অটল থেকে আল্লাহ আদেশ মেনে নীতি নৈতিকতা মেনে চলার জন্য। যোগ্য লোক নির্বাচিত হলে দেশের উন্নয়ন হবে।
উঠান বৈঠকে তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, কর্মপরিষদ সদস্য সালেহ আহমেদ নজির, শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ, দেলোয়ার হোসেন এবং যুব বিভাগের সভাপতি তৌহিদুল ইসলাম প্রমুখ।








