মাধবপুরে পাথরবোঝাই ট্রাকের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর অভিযানে প্রায় ৩১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাতে ৫৫ বিজিবির একটি টহল দল সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অভিযান চালায়। রাত ৩টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে পাথরের নিচে বস্তাবন্দি অবস্থায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালান চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।








