গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়েছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার (২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাবুরবাঁক নামক স্থানে অভিযান চালায় বিজিবি। উপজেলার সংগ্রাম বিওপি ক্যাম্পের টহল দল উক্ত স্থানে নদী থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ভারতীয় ব্র্যান্ডের ৬ হাজার ৪৮০ পিস জনসন বেবি শ্যাম্পু, ৬ হাজার ৪৩৫ পিস মেনলর ক্রিম ও ১১ হাজার ৪৬৬ পিস ক্লপ জি ক্রিম উদ্ধার করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত ভারতীয় কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য ৭১ লক্ষ ৮১ হাজার ৪০০ টাকা।
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।
তিনি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়েছে। আটক করা পণ্যসমূহ স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে।







