বানিয়াচংয়ে শহীদ সায়ীদুল হাসান পাঠাগারে বিজয় দিবসে মুক্তিযোদ্ধা সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসান পাঠাগারের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কামালখানীস্থ পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ সায়ীদুল হাসান পাঠাগারের ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় যৌথভাবে সঞ্চালনা করেন পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মিন্টু মিয়া ও সহ-সভাপতি সাংবাদিক দিলোয়ার হোসাইন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব হুমায়ুন কবির, বানিয়াচং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মাস্টার, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন এবং মুক্তিযোদ্ধার সন্তান নাসির উদ্দিন প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয় দিবসের তাৎপর্য এবং শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হবিগঞ্জ–২ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফুর হেমান, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাদিক আহমেদসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








