ইরানে হামলা চালানো থেকে কেন ফিরে আসলো যুক্তরাষ্ট্র?
ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার ‘সুযোগ দেওয়ার’ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান— এই তথ্যটি সত্য নয় বলে জানিয়েছেন খোদ ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, উপসাগরীয় কোনো দেশ বা ইসরাইল তাকে হামলা থেকে বিরত রেখেছে—এমন মন্তব্য সঠিক নয়; বরং ইরানের পদক্ষেপই তাকে সিদ্ধান্ত বদলাতে প্রভাবিত করেছে।
সেইসঙ্গে বিক্ষোভকারীদের ফাঁসি বাতিল করার জন্য ইরানের নেতৃত্বকেও ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে তিনি লেখেন, ‘ইরানের নেতৃত্ব যে গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে—এ বিষয়টিকে আমি অত্যন্ত সম্মান করি। ধন্যবাদ!’
এছাড়া সপ্তাহান্তে ফ্লোরিডা যাওয়ার পথে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘কেউ আমাকে বোঝায়নি; আমি নিজেই নিজেকে বুঝিয়েছি। তারা কাউকে ফাঁসি দেয়নি—ফাঁসি বাতিল করেছে। সেটার বড় প্রভাব পড়েছে।’







