মাধবপুরে মাজার প্রাঙ্গণে গান-বাজনা বন্ধের দাবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হযরত সৈয়দ শাহ নূর শাহ (র.) মাজার প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক ওরশকে কেন্দ্র করে গান-বাজনা ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আবেদনে স্থানীয়রা উল্লেখ করেন, প্রতিবছর মাজার শরীফকে কেন্দ্র করে অনুষ্ঠিত বাৎসরিক ওরশ চলাকালে সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গান-বাজনা, নারী-পুরুষের অবাধ মেলামেশা, নৃত্য পরিবেশনসহ বিভিন্ন কর্মকাণ্ড সংঘটিত হয়, যা মাজারের ধর্মীয় পরিবেশ ও পবিত্রতার সঙ্গে সাংঘর্ষিক। এসব কারণে এলাকার সামাজিক শালীনতা ও ধর্মীয় আবহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডের ফলে এলাকার শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও আশপাশের বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বাড়ছে।
আবেদনে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা না গেলে ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ কারণে আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বাৎসরিক ওরশ উপলক্ষে মাজার প্রাঙ্গণে গান-বাজনা ও সকল প্রকার অনৈতিক কার্যকলাপ বন্ধে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকার ধর্মীয় পরিবেশ, সামাজিক শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।








