৬৪৭ ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি, সীমান্তে পাহারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবিগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাধবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তওহীদুর রহমান এবং হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বক্তব্য দেন।
ব্রিফিংয়ে জানানো হয়, হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ১৬টি বিওপির মাধ্যমে প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে জেলার ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি প্লাটুন পৃথকভাবে বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে।
নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে নজরদারি জোরদার করা হয়েছে। জেলার মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই বিজিবির মূল লক্ষ্য বলে জানান অধিনায়ক। তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে কাজ করছে বিজিবি।
এদিকে, নির্বাচনী দায়িত্বের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে। ৫৫ বিজিবির সদর দপ্তর ও আওতাধীন ১৬টি বিওপি থেকে পরিচালিত অভিযানে গত ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৭ জন আসামিসহ মোট ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, হবিগঞ্জ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবির দিবারাত্রি নজরদারি অব্যাহত থাকবে।







