হবিগঞ্জে ভাষা দিবসের আলোচনা সভায় দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাভাষা দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. সারোয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হকসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, শহীদ দিবসের অঙ্গীকার হলো প্রশাসনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবায় একটি পরিচ্ছন্ন প্রশাসন গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগকে জাতির জন্য চিরস্মরণীয় বলে উল্লেখ করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে একুশের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরআগে একুশের প্রথম প্রহরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও পুলিশ সুপার ইয়াছমিন খাতুনসহ প্রশাসনের কর্মকর্তারা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি ভাষা শহিদ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাষা শহিদদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।






