হরমুজ প্রণালির দায়িত্বে থাকা আইআরজিসির নৌপ্রধানকে হত্যা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ মার্চ) আল-জাজিরার এক খবরে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ‘ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে।’
কাৎজের দাবি, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া ও গুরুত্বপূর্ণ এই জলপথে মাইন স্থাপন করায় মূল ভূমিকায় ছিলেন আলিরেজা তাংসিরি।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম দিন দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হন। পরে দেশটির নিরাপত্তাপ্রধান আলী লারিজানিসহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হন।






