সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ
ভারতে কারাভোগের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়।
ওই যুবকের নাম শিপন হাওলার (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পথে ভারতের মেঘালয়ে প্রবেশ করে। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় আদালত শিপনকে কারাদণ্ড দিয়ে মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে পাঠায়। ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে ১৬ এপ্রিল বৃহস্পতিবার শিপন অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে শিপনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘মরদেহ বুঝে পাওয়ার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’







