পরকীয়ার জেরে প্রাণ গেল যুবকের, মরদেহ উদ্ধার
পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে রাজধানী ঢাকায় অপহরণ ও নির্যাতনের পর এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে তার মরদেহ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় আন্দিউড়া উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানা ও মাধবপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
নিহত ফরহাদ হোসেন মাহির (২৩) ঢাকার উত্তরখান থানাধীন চানপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল আউয়ালের ছেলে এবং তার মায়ের নাম মাজেদা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ৩০ এপ্রিল ঢাকার আফতাবনগর এলাকায় মাহিরকে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরদিন একটি প্রাইভেটকারে করে মরদেহটি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মাধবপুরে এনে ফেলে রাখা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা থানার এসআই হানিফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মাধবপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্ক ও পরকীয়া সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।







