৫৬ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ‘সেরা’ এমসি কলেজের দ্বীপ তালুকদার
মাঠে নামার মাত্র এক মাস আগে ছিলেন ইনজুরিতে। বন্ধ ছিল নিয়মিত অনুশীলন। তবে সব বাধা টপকে অদম্য ইচ্ছাশক্তির জোরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে বাজিমাত করলেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থী দ্বীপ তালুকদার। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৫-২৬ এ দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিতেছেন এই অ্যাথলেট।
প্রতিযোগিতায় দ্বীপ ১৫০০ মিটার ও ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন। এছাড়া ১০,০০০ মিটার দৌড়ে তিনি অর্জন করেন ব্রোঞ্জপদক। সারা দেশের মোট ৫৬টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের পেছনে ফেলে এই সাফল্য অর্জন করেন তিনি।
দ্বীপ তালুকদার মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেন। সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলো থেকে বাছাইকৃত সেরা অ্যাথলেটদের নিয়ে গঠিত দলে তিনি এমসি কলেজের ছাত্র হিসেবে নিজের জায়গা করে নেন। এটাই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে তার শেষবারের মতো অংশগ্রহণ।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দ্বীপ বলেন, “গত এক মাস ইনজুরিতে থাকায় আমার ট্রেনিং বন্ধ ছিল। লড়াইটা অনেক কঠিন ছিল, কিন্তু নিজের ওপর আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। শেষ পর্যন্ত আমি পেরেছি।” তিনি এই সাফল্যের পেছনে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
দ্বীপের এই অসামান্য অর্জনে উচ্ছ্বসিত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় তাকে যাতায়াতের জন্য উপহার হিসেবে ‘এয়ার টিকিট’ প্রদান করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বীপের এই অর্জনকে ‘জাতীয় পর্যায়ের বড় অর্জন’ হিসেবে দেখছেন তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। তার সাফল্যের খবর ছড়িয়ে পড়ায় সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই কৃতি অ্যাথলেট।







