সিলেট জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক (মানবাধিকার সম্পাদক) ও সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার ভোরে হৃদরোগজনিত অসুস্থতায় সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক, আইনজীবী ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অ্যাডভোকেট মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি, মানবাধিকার কার্যক্রম এবং আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। তিনি সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে দায়িত্ব পালনকালে নিষ্ঠা, সততা ও দক্ষতার পরিচয় দেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও তিনি ছিলেন একজন পরিচিত ও জনপ্রিয় মুখ।
তার মৃত্যুতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা বাদ জুম্মা সিলেট দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা মোফাজ্জল আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।






