মাধবপুরে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (১৬ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (১৭ মে) বিকেলে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুরমা চা বাগান গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছে থাকা দুইটি লাল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সাজন মোদি (২৮), রিমন কালিন্দী (২১) ও সুজন কালিন্দী (২৪)। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগান এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তারা এসব মাদক নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।







