মা-বাবার জন্য সন্তানের পঠিতব্য তিনটি দোয়া
মা-বাবার জন্য সন্তানের দোয়া সবচেয়ে বড় নেক আমল। জীবত বা মৃত—উভয় অবস্থাতেই সন্তানের দোয়া বাবা-মায়ের নাজাত ও ক্ষমার উসিলা হতে পারে।
বাবা-মায়ের জন্য পবিত্র কোরআনে বর্ণিত সবচেয়ে সুন্দর ও বহুল পঠিত কিছু দোয়া নিচে দেওয়া হলো-
১. মা-বাবার জন্য রহমতের দোয়া رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ : রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। অর্থ : ‘হে আমার রব! আপনি তাঁদের উভয়ের প্রতি রহম করুন, যেভাবে তাঁরা আমাকে শৈশবে সযতনে লালন-পালন করেছেন।’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ২৪)
২. মা-বাবার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
উচ্চারণ : রব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব। অর্থ: ‘হে আমাদের রব! আপনি রোজ হাশরের দিন আমাকে, আমার মাতা-পিতা ও সকল মুমিনদের ক্ষমা করে দিন।’(সুরা : ইবরাহিম, আয়াত : ৪১)
৩. নিজেদের ও মা-বাবার জন্য ব্যাপক দোয়া رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ
উচ্চারণ : রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ : ‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে মুমিন অবস্থায় প্রবেশ করবে তাকে এবং সকল মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা করুন।’ (সুরা : নুহ, আয়াত : ২৮)
সন্তান হিসেবে মা-বাবার প্রতি আমাদের নেক আমল এবং দোয়াই তাদের প্রশান্তির মাধ্যম হবে। দোয়ার পাশাপাশি তাদের পক্ষ থেকে দান-সদকা (সাদকা-ই জারিয়া) করা, হজ বা ওমরাহ করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে তাদের জন্য সওয়াব পৌঁছানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।







