কোম্পানীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর ইউনিয়নের পিয়াইন নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
সোমবার (১৫ জুন) বেলা ১২টায় উপজেলার শিমুলতলা নোয়াগাঁও বিশাল এলাকা জুড়ে এ নদীর দুই পাড়ে হাজারো বিনোদনপ্রেমী দর্শক এ নৌকা বাইচ উপভোগ করেন। উৎসবমুখর এই আয়োজনে পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এরআগে স্থানীয়দের নিয়ে ওই এলাকায় ‘নদী সংলাপ’ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পুটামারা পশ্চিম পাড়া, ফুড়ারপাড়, বর্ণি পূর্ব পাড়া ও বর্ণি পশ্চিম পাড়ার এ ৪টি নৌকা অংশ নেয় প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফুড়ারপাড় ও রানার্সআপ বর্ণি পশ্চিম পাড়া।
বিদেশি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজনে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমীন সারোয়ার প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।







