২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার সম্পর্ক মধুর হওয়ার নজির কম। এই সম্পর্ক সাধারণত ভাড়া পরিশোধ ও চুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘটেছিল এক ব্যতিক্রমী ঘটনা, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। ২৩ বছর ধরে একই বাড়িতে ভাড়া থাকা এক নারীকে মৃত্যুর আগে সেই বাড়ির মালিকানাই দিয়ে যান বাড়িওয়ালা।
৭৪ বছর বয়সী জেন সেইনার প্রায় ২৩ বছর ধরে মেলবোর্নের সেন্ট অ্যালবান্স এলাকায় একটি দুই শয়নকক্ষের ইউনিটে ভাড়া থাকতেন। সীমিত আয়ের এই নারী প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাজে যেতেন, যাতে ভাড়া ও অন্যান্য খরচ চালাতে পারেন। দীর্ঘদিন ধরে তিনি শুধু একজন ভাড়াটিয়া ছিলেন না, বাড়িটিকে নিজের বাড়ির মতোই যত্ন করতেন।
বাড়িটির মালিক ছিলেন জন পেরেট, যিনি পেশায় ফার্মাসিস্ট হলেও পরে সফল বিনিয়োগকারী ও সমাজসেবক হিসেবে পরিচিতি পান। পেরেট জীবনের শেষ দিকে পারকিনসন রোগে আক্রান্ত হয়ে তিনি নার্সিং হোমে চলে যান। একদিন হঠাৎ তিনি জেনকে ফোন করে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে বলেন।পরে ওই ভাড়াটিয়া জানতে পারেন, পেরেট তার উইলে ওই বাড়িটি জেনের নামে লিখে দিচ্ছেন। খবরটি শুনে জেন প্রথমে বিশ্বাসই করতে পারেননি।
২০২০ সালে ৮৬ বছর বয়সে জন পেরেট মারা যান। পরে জানা যায়, পেরেট শুধু জেনকেই নয়, আরও একজন দীর্ঘদিনের ভাড়াটিয়াকেও একটি সম্পত্তি দিয়ে গেছেন। পাশাপাশি তার প্রায় ১৮ থেকে ১৯.৬ মিলিয়ন ডলারের বিশাল সম্পদের বড় অংশ দান করেছেন অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন হাসপাতালকে।
এদিকে পেরেটের কাছ থেকে পাওয়া উপহারের বাড়ি জেনের জীবন পুরোপুরি বদলে দেয়। পরে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখনও প্রতিদিন তিনি নীরবে জন পেরেটকে ধন্যবাদ জানান।







