মাধবপুরে ভারতীয় এস্কুফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াসনগর এলাকায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় এস্কুফ (কোডিন) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে মাধবপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াসনগর গ্রামের রজব আলীর ছেলে, চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. কুদ্দুস মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কুদ্দুস মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে সিমেন্টের বস্তার মধ্যে রাখা ২০০ বোতল (মোট ২০ লিটার) ভারতীয় আমদানি নিষিদ্ধ এস্কুফ (কোডিন) সিরাপ উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান,গ্রেফতারকৃত কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানাসহ বিভিন্ন থানায় ১৮টিরও বেশি মামলা রয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।







