আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বাংলাদেশের চার আলেম
বাংলাদেশের চার শীর্ষ আলেম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন। আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’।
ফিলিস্তিন ও পবিত্র কুদস ইস্যুতে বিশ্বজুড়ে আলেমদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে হাইআতু উলামা-ই ফিলিস্তিন।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দেশের চার বিশিষ্ট আলেম ও ইসলামি ব্যক্তিত্ব। তারা হলেন—জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, রাজধানীর মুহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি মাওলানা হিফজুর রহমান এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এছাড়া বাংলাদেশ থেকে আরও কয়েকজন প্রতিনিধি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশি আলেমদের ভিসা কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমন্ত্রিত অতিথিদের একজন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।
তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাছে পাঠানো হাইআতু উলামা-ই ফিলিস্তিনের সুপারিশপত্রে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের আলেমদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও শক্তিশালী করা এবং ফিলিস্তিন ও কুদস প্রশ্নে আন্তর্জাতিক জনমত গড়ে তোলাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে চিঠিতে ফিলিস্তিনের পক্ষে জনসচেতনতা তৈরিতে বাংলাদেশি আলেমদের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ ও গবেষকরা অংশ নেবেন। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য তুরস্কের বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দেশটির ধর্মবিষয়ক অধিদপ্তরের (দিয়ানেত) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে।
আশা করা হচ্ছে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের আলেমদের অংশগ্রহণ ফিলিস্তিন ও কুদস ইস্যুতে বাংলাদেশের নৈতিক অবস্থানকে আরও জোরালোভাবে বিশ্বমঞ্চে তুলে ধরবে এবং মুসলিম বিশ্বের আলেমদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







