সিলেটের শিশু ফাহিমা হত্যায় প্রধান আসামি জাকিরের ফাঁসি
সিলেটের বহুল আলোচিত চার বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও এ ঘটনায় ২ জনকে খালাস দিয়েছেন আদালত। মামলার রায়ে সংক্ষুব্ধ বাদীপক্ষ উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেটের শিশু সহিংসতা প্রতিরোধ আদালতের বিচারক আবু ওবায়দা এই রায় ঘোষণা করা হয়। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামি জয়নাল ও কালামের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত। এ রায়ে সংক্ষুব্ধ বাদীপক্ষ উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
জানা যায়, গত ৭ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী চাচা জাকির হোসেনের ঘরে সিগারেট আনতে পাঠানোর অজুহাতে চার বছরের শিশু ফাহিমাকে ঘরে আটকে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় শিশুটি অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয় তাকে। পরে ধরা পড়ার ভয়ে লাশ সুটকেসে করে দুদিন নিজ ঘরে লুকিয়ে রাখার পর বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের হয়।
গ্রেফতারের পর জাকির হোসেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করেন। ঘটনার ৩৩ দিন পর জাকির ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরবর্তীতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ১ জুলাই থেকে মামলার বিচারকাজ শুরু হয়। প্রায় এক মাসের বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো।
উল্লেখ্য, এর আগে আদালতে হাজির করার সময় একাধিকবার উত্তেজিত জনতার হাতে হেনস্তা ও গণপিটুনির শিকার হন জাকির।







