দক্ষ বারিস্তা তৈরিতে কাজ করছে বাংলাদেশ স্পেশালটি কফি একাডেমি
সিলেটে Bangladesh Specialty Coffee Academy, Sylhet Branch-এর চলমান ব্যাচসমূহের শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফি প্লানেট বাংলাদেশ ও বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমির প্রতিষ্ঠাতা আতিক আবু রুশেদ। প্রায় এক দশক পর সিলেটে এসে তিনি অনুষ্ঠানে অংশ নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁর বক্তব্যে কফি শিল্পে দক্ষতা অর্জন, নিয়মিত অনুশীলন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কফি প্লানেট বাংলাদেশ ও বাংলাদেশ স্পেশালিটি কফির অপারেশন ম্যানেজার মো. নাদিম আহমেদ, চ্যানেল এস ইউকে সিলেট অফিসের সিনিয়র রিপোর্টার, মঈন উদ্দিন মঞ্জু, NWC Education-এর Regional Senior Sales Manager মুক্তা মনি তালুকদার এবং Udrive-এর সহ-সহ-প্রতিষ্ঠাতা, ইফতেখার ইরাদ সহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
আয়োজকরা জানান, বাংলাদেশ স্পেশালটি কফি একাডেমিতে শিক্ষার্থীদের কফি বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে কফির ইতিহাস ও মৌলিক বিষয়, এসপ্রেসো মেশিন পরিচালনা ও ক্যালিব্রেশন, এসপ্রেসো, ব্ল্যাক কফি ও মিল্ক-বেইজড কফি প্রস্তুত, মিল্ক ফ্রোথিং, ল্যাটে আর্ট, আইসড কফি এবং মকটেল তৈরির মতো বিষয়গুলো শেখানো হয়।
এ সময় বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমি সিলেট ব্রাঞ্চের প্রতিষ্ঠাতা আলি হায়দার মিদুল বলেন, “একজন শিক্ষার্থীর হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া শুধু একটি প্রশিক্ষণ শেষ হওয়ার বিষয় নয়; এটি তার নতুন একটি যাত্রার সূচনা। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা এখানে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলুক এবং ভবিষ্যতে দেশের কফি ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। শেখার কোনো শেষ নেই, তাই সার্টিফিকেট অর্জনের পরও নিয়মিত শেখা, অনুশীলন ও নিজেকে উন্নত করার মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”
তিনি আরো যুক্ত করে বলেন ইতিমধ্যে বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমির মাধ্যমে ২ হাজারের অধিক শিক্ষার্থীরা কোর্স শেষ করে দেশ-বিদেশে চাকরিতে আছেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত শেখা ও অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলে কফি শিল্পে সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে একাডেমির পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন সিলেট ব্রাঞ্চের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল জাবেদ খাঁন।
অত্র প্রতিষ্ঠানের ঠিকানা শামিম প্লাজা, শাহি ঈদগাহ (প্রধান গেটের বিপরীত পাশে), শাহি ঈদগাহ টু কুমারপাড়া রোড, সিলেট।







