মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মো. দিলশাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার রাত পৌনে ১০টায় উপজেলার ২নম্বর চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের মিস্ত্রিবাড়ী মোড়ে চৌমুহনী-মাধবপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় দিলশাদ মিয়াকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দিলশাদ মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ১ নম্বর শ্রীপুর ইউনিয়নের মন্দিরহাতা গ্রামের ইসহাক আলীর ছেলে।
এ ঘটনায় রোববার (২৩ আগস্ট) মাধবপুর থানায় মামলা নম্বর-৪২ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে মাধবপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







