সুনামগঞ্জে কলেজ ছাত্রী নিখোঁজ
সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বাসায় ফেরার পথে মায়মুনা আক্তার রাফা (২০) নামে ডিগ্রি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) কলেজ ছুটির পর অটোরিকশায় করে বাসার উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রাফা সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার বাসিন্দা। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার কলেজ ছুটির পর রাফা কলেজ থেকে বের হয়ে একটি অটোরিকশায় ওঠেন। এরপর বাসার উদ্দেশে রওনা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। তার মোবাইল ফোনেও পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারেননি বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ কলেজ ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পায়, রাফা একটি অটোরিকশায় উঠে কলেজ এলাকা ত্যাগ করছেন। তবে অটোরিকশাটি কোন দিকে গেছে এবং চালকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, সিসিটিভি ফুটেজে কলেজছাত্রী মায়মুনা আক্তার রাফাকে অটোরিকশায় উঠতে দেখা গেছে। অটোরিকশা ও চালককে শনাক্ত করে তার অবস্থান নিশ্চিতের চেষ্টা চলছে। ওসি বলেন, রাফাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। কেউ তার সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় জানানোর পাশাপাশি পরিবারের ০১৩২০১২০৭৯০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।







