বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রফিকুল ইসলাম রকিবের বাড়ির বারান্দায় বসে রয়েছেন ওই তরুণী।
এ সময় সাংবাদিকদের কাছে কান্না জড়িত কণ্ঠে তরুণী অভিযোগ করেন, রকিবের সঙ্গে তাঁর প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এই সময়ে তাঁদের মধ্যে স্বামী-স্ত্রীর মতো সম্পর্কও হয়েছে বলে দাবি করেন তিনি। পরে বিয়ের কথা বলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে পরবর্তীতে তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তরুণীর দাবি, এরপর রকিবের বড় ভাই শহিদুল ইসলাম সহ পরিবারের সদস্যরা তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে চলে যান। এরপর থেকে তিনি চার দিন ধরে ওই বাড়িতে অবস্থান করছেন। রকিব তাকে বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকিও দেন তিনি।
এ বিষয়ে রকিবের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। রকিবের বড় ভাই শহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ গুলো অস্বীকার করে বলেন, বিষয়টি সম্পূর্ণ ষড়যন্ত্র। তাঁদের ফাঁসানোর জন্যই এমনটা করা হচ্ছে। তাঁর ভাই অপরাধী হলে থানায় মামলা করার পরামর্শ দেন তিনি। স্থানীয় মুরব্বি ও বিএনপি নেতা শিশু মিয়া বলেন, মেয়েটি চার দিন ধরে রোদ, বৃষ্টি উপেক্ষা করে সেখানে অবস্থান করছে। বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও ছেলেপক্ষ তাতে রাজি হয়নি।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, তিনি বিষয়টি আগে অবগত ছিলেন না। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







