মাধবপুরে অপহরণের পর স্কুলছাত্র উদ্ধার
হবিগঞ্জের মাধবপুরে অষ্টম শ্রেণির ছাত্র সৈয়দ সাদাফকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিন-চারজন ব্যক্তি তাকে মাথায় আঘাত করে একটি হাইচ গাড়িতে তুলে নেয় বলে পরিবারের দাবি।
প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার সকালে সিলেটের শাহপরান এলাকায় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। সাদাফ নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
সাদাফের বাবা সৈয়দ শাহীন দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ চক্র তাকে অপহরণ করে থাকতে পারে। তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল কি না, সে আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা বলেন, অপহরণের বিষয়ে তিনি অবগত নন এবং থানায় কোনো জিডিও করা হয়নি। অভিভাবকদের সন্তানদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।







