মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
হবিগঞ্জের মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধবপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন, মাধবপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, সামাজিক সংগঠন, বাংলাদেশ স্কাউটস ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। অভিযানে প্রায় ১২০ জন অংশ নেন।
অভিযানের সময় মাধবপুর মধ্যবাজার পুকুর (পার্ক) ও ওয়াকওয়ের চারপাশ পরিষ্কার করা হয়। পাশাপাশি পুকুরসংলগ্ন ড্রেন ও নালা পরিষ্কার, রাস্তার পাশে গর্তে জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ একটি হটস্পট নিরসন করা হয়। এ সময় মাধবপুর মধ্যবাজার পুকুরের চারপাশের ৫০টি গৃহস্থালি, ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







