নবীগঞ্জে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জাকির গ্রেফতার
হবিগঞ্জের নবীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা অন্যতম মামলার আসামি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর জাকির হোসেনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল হোসেন নিদেশনায় পুলিশ উপপরিদর্শক দুলাল মিত্র্যা সহ পুলিশের একটি চৌকস দল গন্ধা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সম্প্রতি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বিশৃঙ্খলা সৃষ্টি, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে বিচারিক জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অপরাপর আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।







