উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় এগিয়ে সায়েম
আসন্ন সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা সায়েম আহমদ।
ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সায়েম আহমদ ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন। তার প্রচারণায় ‘উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা’- এমন বার্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সায়েম আহমদ সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি মোঃ নূরুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।
রাজনৈতিক জীবনে সিংচাপইড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি সিংচাপইড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় রাজনীতির পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও স্থানীয় কর্মকাণ্ডেও সক্রিয় থাকার দাবি করেন সায়েম আহমদ।
তার ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করার সুযোগ তাকে ইউনিয়নের মানুষের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দিয়েছে।
নির্বাচনে বিএনপির দলীয় সমর্থনের বিষয়ে সায়েম আহমদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে আসছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও নানা চাপের মধ্যেও দলের সঙ্গে ছিলেন এবং দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে হামলা-মামলার মতো নানা প্রতিকূলতা মোকাবিলা করে দলের জন্য কাজ করেছি। দীর্ঘদিন ধরে তৃণমূলে দলের সঙ্গে আছি। আমার বিশ্বাস, দল আমার রাজনৈতিক ভূমিকা ও ত্যাগকে মূল্যায়ন করবে এবং আমাকে দলীয়ভাবে মূল্যায়নের সুযোগ দেবে।”
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সায়েম আহমদ।তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে চান।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিংচাপইড় ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। বিভিন্ন প্রার্থী নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। ফলে নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত কারা দলীয় সমর্থন কিংবা মনোনয়ন পাবেন এবং কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন-তা সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও নির্বাচনকালীন পরিস্থিতির ওপর নির্ভর করছে। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।







