তাহিরপুরে মহিলা বিষয়ক কর্মকর্তাকে লাঞ্ছিত করলো তারই অফিস সহকারী
লোন দেয়ার নামে অর্থ নেয়ায় অভিযোগের বিষয় জানতে চাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন কে শারীরিক ভাবে লাঞ্ছিত করে তারই অফিস সহকারী সাইফুল ইসলাম। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠেছ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
অফিস সহকারী সাইফুল ইসলাম হামলায় চালিয়ে ওই কর্মকর্তার মাথা ফাটিয়ে রক্ত করে ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আগাত করে। পরে এই কর্মকর্তা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে ও অভিযোগ রয়েছে,অফিস সহকারী সাইফুল ইসলাম উপজেলা সদর ইউনিয়নের চিকসা গ্রামের বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নিয়মিত অফিসে আসতেন না এবং দাপ্তরিক কাজে প্রভাব বিস্তার করতেন। সম্প্রতি সাইফুল তাঁর গ্রামের পাশের গ্রামের কয়েকজন নারীকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি ১ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেন। কর্মকর্তা সরেজমিনে ওই গ্রামে তদন্ত করতে গিয়ে ঘুষ নেওয়ার সত্যতা পান। আজ সকালে অফিসে এসে এ বিষয়ে জানতে চাইলে সাইফুল উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে কর্মকর্তার মাথা ফাটিয়ে দেন।
এর সত্যতা নিশ্চিত করে মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন জানান,আমি এই বিষয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবো। এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উর্ধবতন কর্মকর্তাকে অবগত করেছি।
এই বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী সাইফুল ইসলাম হামলা ও ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে এবং জানান, গতকাল সোমবার ‘কন্যা শিশু দিবস’ উপলক্ষে বীরনগর গ্রামের নারীদের দেওয়া ২২ হাজার টাকার চেক হস্তান্তরের পর কর্মকর্তা নিজেই ভাগ চাইতে আজ সকালে সেখানে যান। সেখানে স্থানীয়দের কাছে স্যার আমার নামে দুর্নাম করেছেন শুনে অফিসে এসে জানতে চাইলে তিনি অশালীন আচরণ করেন এবং মারতে আসেন। এ সময় চেয়ারের সাথে পা আটকে পড়ে গিয়ে স্যার মাথায় আঘাত পান।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনী দেবী জানান,মহিলা বিষয়ক কর্মকর্তা সকালে এসে বিষয়টি আমাকে অবহিত করেছেন। কপালে রক্ত দেখিছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







