রোগমুক্তির জন্য পঠিতব্য কোরআনের ৬ আয়াত
মানবজীবন নানা ধরনের রোগ-ব্যাধি, দুঃখ-কষ্ট ও অস্থিরতার মধ্যে আবর্তিত হয়। কখনো শারীরিক অসুস্থতা, কখনো মানসিক অশান্তি। তাই মানুষ সর্বদা প্রকৃত আরোগ্যের পথ খুঁজে ফেরে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান যেখানে শুধু দেহের চিকিৎসার কথা বলে, সেখানে দেহ-আত্মা ও হৃদয়ের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা আমাদের দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন। যা শুধু হেদায়াতই নয়, বরং ‘শিফা’ বা আরোগ্যের উৎস হিসেবেও বর্ণিত হয়েছে। বিশেষজ্ঞ আলেমরা বলেন, কোরআনে এমন কিছু আয়াত আছে, যেগুলো তিলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি নেমে আসে, দুঃখ-দুর্দশা লাঘব হয় এবং আল্লাহর রহমতে রোগমুক্তির পথ সুগম হয়।
আয়াতগুলো হলো-
১. আল্লাহ তাআলা বলেন, وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ
উচ্চারণ : ওয়া ইয়াশফি সুদুরা কাওমিম মুমিনীন
অর্থ : ‘আর তিনি মুমিনদের বুকসমূহকে শিফা দান করবেন।’ (সুরা : তাওবা, আয়াত : ১৪)
২. আল্লাহ তাআলা বলেন, وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
উচ্চারণ : ওয়া শিফাউল লিমা ফিসসুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
অর্থ : ‘এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।’ (সুরা : ইউনুস, আয়াত : ৫৭)
৩. আল্লাহ তাআলা বলেন,قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ
উচ্চারণ : কুল হুওয়া লিল্লাজিনা আমানু হুদাওঁ ওয়া শিফা।
অর্থ : ‘বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার।’ (সুরা : হামিম, আয়াত : ৪৪)
৪. আল্লাহ তাআলা বলেন,يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ
উচ্চারণ : ইয়াখরুজু মিমবুতু-নিহা শারাবুম মুখতালিফুন, আলওয়ানুহু ফিহি শিফা-উনলিন্নাস।
অর্থ : ‘তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার।’ (সুরা : নাহল, আয়াত : ৬৯)
৫. আল্লাহ তাআলা বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
উচ্চারণ : ওয়া নুনাজজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউঁ ওয়া রাহমাতুল লিল মুমিনিন
অর্থ : ‘আমি কোরআনের এমন কিছু অবতীর্ণ করি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত। ’ (সুরা : ইসরা, আয়াত : ৮২)
৬. ইবরাহিম (আ.) বলেন, وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
উচ্চারণ : ওয়া ইযা মারিদতু ফা হুয়া ইয়াশফীন
অর্থ : ‘আর আমি যখন অসুস্থ হই, তখন তিনিই আমাকে শিফা দান করেন।’ (সুরা : শুআরা, আয়াত : ৮০)







