টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ মনিরুজ্জামান (৪৮) নামে একজন পর্যটক মৃত্যুবরণ করেছেন। তিনি পেশা ব্যবসায়ী ও বরিশাল জেলার বড় নদী থানার বিজয়পুর গ্রামে মৃত আব্দুল মুতালিবের ছেলে।
বুধবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকার নৌকা ঘাটে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে,মঙ্গলবার সকালে ৩০ জনের একটি দল জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ফতেপুর বাজার ঘাট থেকে সীমান্ত তরী নামে একটি হাউজ বোড নিয়ে টাংগুয়ার হাওরে যায়। টাংগুয়ার হাওর ঘুরে ট্যাকেরঘাট এলাকায় গিয়ে রাত্রি যাপন করে। সকালে অসুস্থ হলে সাথে থাকা লোকজন দ্রুত তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।
সাথে থাকা জামাল শিকদার ও পরিবার সূত্রে জানাগেছে,দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান হার্টের অসুখে ভুগছিলেন। তাকে বেড়াতে না আসার জন্য পরিবারের লোকজন বললেও তিনি তার বন্ধুদের সাথে টাংগুয়ার হাওরে বেড়াতে চলে আসেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ নওশাদ আহমেদ জানান,হাসপাতালে আসার আগেই ওই পর্যটক মারা যান। যেহেতু আগে থেকেই হার্টের অসুখে ভুগছিলেন সে কারনে ধারনা করছি তিনি হৃদরোগ আক্রান্ত হয়েই মারা গেছেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান, এই ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা করা। পরে কোনো অভিযোগ না থাকায় তার সাথে আসা বন্ধু ও পরিবারের অনুরোধে মরদেহ সাথে আসা বন্ধুদের কাছে হস্তান্তর করা হয়েছে।







