কানাইঘাটে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা
সিলেটের কানাইঘাটে অটোরিকশা (সিএনজি) এর সিরিয়াল সংক্রান্ত বিরোধের জেরে শাহাব উদ্দিন (৩২) নামের এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন সোনাতনপুঞ্জি গ্রামেরই মৃত মদরিস আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সুরইঘাট এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সিরিয়াল নির্ধারণ নিয়ে শাহাব উদ্দিনের সঙ্গে অন্য এক চালকের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাহাবুদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ঘাতকদের আটক করে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃতরা হলো সুনাতনপুঞ্জি গ্রামের মজন আলীর ৩ পুত্র জাকারিয়া (৩৫) ইয়াহইয়া (৩০) শাহারিয়া (২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, অটোরিকশার সিরিয়াল ও পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ৩ জনকে আটক করেছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।







