সিলেটে কৃষি জমি রক্ষার দাবিতে ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সংহতি
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী কৃষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা কমিটি।
আজ মঙ্গলবার ২০ অক্টোবর বিকেল ৫:০০ ঘটিকায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী সুমন ও সদস্য সচিব প্রিতম দাস দর্শা গ্রামে উপস্থিত হয়ে ভুক্তভোগী কৃষকদের সাথে সাক্ষাৎ করেন।এই সময় ভুক্তভোগী কৃষকরা জানান এই এলাকার শতভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল।এই খাল খনন হলে প্রায় ৬০০ পরিবার নিঃস্ব হয়ে যাবে।
কৃষকনেতা মোঃ ফারুক আহমেদ জানান, এই গ্রামের প্রতিটি মানুষ কৃষির উপর নির্ভরশীল,এই প্রকল্প বাস্তবায়ন হলে মানুষের বেঁচে থাকার কোন সম্বল থাকবে না।
সংগঠনের আহ্বায়ক জুবায়ের চৌধুরী সুমন বলেন, উর্বর কৃষি জমির উপর দিয়ে এই খাল খনন প্রকল্প সম্পুর্ন অযৌক্তিক। মানুষের জীবিকার সম্বল কেড়ে নিয়ে কোন উন্নয়ন প্রকৃত উন্নয়ন হতে পারে না। এই প্রকল্প বাস্তবায়ন হলে, মানুষ নিঃস্ব হয়ে পড়বে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান, অবিলম্বে এই গনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার। এই সময় উপস্থিত ছিলেন, মোঃ মিসফর আলী, মোঃ ইউসুফ আলী, মোঃরফিকুল ইসলাম ফয়সল, মোঃ করম আলী, মোঃ নাহিদ খান, মোঃ তায়েফ খান, মোঃ মশিউর রহমান প্রমুখ সহ ভুক্তভোগী কৃষক বৃন্দ।







