আজাদ চৌধুরী একাডেমির দুই শিক্ষকের হাতে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’
পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে লেখক ও বৃক্ষপ্রেমী শেবুল চৌধুরীর গবেষণাধর্মী গ্রন্থ ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজাদ চৌধুরী তাঁর একাডেমির দুই শিক্ষকের হাতে বইটি তুলে দিয়েছেন।
সম্প্রতি বইটি শিক্ষকদের হাতে তুলে দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। সংশ্লিষ্টদের আশা, বইটি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।
যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত শেবুল চৌধুরী সাংবাদিক, কবি, লেখক, গবেষক ও পরিবেশপ্রেমী সংগঠক। পরিবেশ সংরক্ষণে অবদান রাখতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘অমরাবতি’, যার স্লোগান—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’। তাঁর উদ্যোগে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও পরিচর্যাসহ নানা পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালিত হয়েছে। বার্মিংহামে টবে গাছ লাগানোর প্রতিযোগিতায় সিটি কাউন্সিলের গোল্ড কাপ অর্জনসহ পরিবেশবিষয়ক কর্মকাণ্ডে তিনি বিভিন্ন স্বীকৃতিও পেয়েছেন।
‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থে বৃক্ষের গুরুত্ব, ঔষধি গাছের গুণাগুণ, বৃক্ষরোপণ, পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণের নানা দিক তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ রক্ষার মানসিকতা গড়ে তুলতে বইটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে বলে মনে করছেন পরিবেশসচেতন ব্যক্তিরা।
এদিকে ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন শেবুল চৌধুরী। তাঁর অসুস্থতায় বন্ধু, শুভানুধ্যায়ী ও পরিবেশপ্রেমীরা উদ্বেগ প্রকাশের পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, সুস্থ হয়ে তিনি আবারও লেখালেখি, গবেষণা ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করবেন।






