এমসি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পদার্থ বিজ্ঞান বিভাগের ১১০ নম্বর কক্ষে পদার্থবিজ্ঞান ক্লাবের আয়োজনে সকাল ১১টায় এই অনুষ্ঠান শুরু হয়।
পদার্থ বিজ্ঞান ক্লাবের সভাপতি ইব্রাহিম চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন এবং গীতাপাঠ করেন তৃষ্ণা রানী দাস। তোফাজ্জল হোসেন ইমন ও হাকিমা সুলতানা কলির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদেরও ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তৌফিক এজদানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “কে কোথায় ভর্তি হলো তা বিষয় নয়, বিষয় হলো আপনি নিজেকে কতটুকু শানিত করতে পারলেন। আপনারা যারাই মুরারিচাঁদ কলেজে ভর্তি হয়েছেন, সবাই নিজেকে দক্ষ করে গড়ে তুলবেন, দেশ ও দশের জন্য কাজ করবেন। মুরারিচাঁদ কলেজের ইতিহাস ও ঐতিহ্যকে নিজের অন্তরে বহন করবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। এছাড়া বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দীন খান, পদার্থ বিজ্ঞান অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক ও প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তাজ উদ্দীন এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মুমিন।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, তৃতীয় বর্ষের শিক্ষার্থী সজীব দেবনাথ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিকা আক্তার রাত্রি এবং নবীন শিক্ষার্থী মাসুম আলম। এছাড়া পদার্থবিজ্ঞান ক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ মো. জাবের ও সদ্য সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান ঘুরী বক্তব্য দেন।
বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি আবু সালেহ মামুন, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক অলিদ হাসান, ছাত্রমজলিসের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান।
পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তৌফিক এজদানী চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। পরে আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মুরারিচাঁদ কবিতা পরিষদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন ও থিয়েটার মুরারিচাঁদের শিল্পীরা অংশ নেন। বিকালের দিকে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।







